আমাদের দৈনন্দিন জীবনে কর্মব্যস্ততার মাঝে সবচেয়ে সাধারণ শারীরিক সমস্যাগুলোর একটি হলো কোমর ব্যথা (Low Back Pain)। যেকোনো বয়সের মানুষেরই এই সমস্যা হতে পারে। অনেকেই এই ব্যথাকে সাধারণ ক্লান্তি মনে করে অবহেলা করেন, যা পরবর্তীতে হাঁটা-চলা বা বসার ক্ষেত্রে তীব্র প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।
হাড় ও জয়েন্ট বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইফতেখার আলম (অর্থোপেডিক ও ট্রমা সার্জন)-এর মতে, প্রাথমিক অবস্থায় সচেতন না হলে কোমর ব্যথা দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে এবং মেরুদণ্ডের স্থায়ী ক্ষতি করতে পারে।
কোমর ব্যথার প্রধান কারণসমূহ
কোমর ব্যথার পেছনে নানাবিধ কারণ থাকতে পারে। এর মধ্যে প্রধান কয়েকটি কারণ হলো:
- ভুল ভঙ্গিতে বসা বা দাঁড়ানো (Poor Posture): দীর্ঘ সময় কম্পিউটারের সামনে ঝুঁকে বসে কাজ করা বা ভুল ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা।
- ভারী বস্তু তোলা: হুট করে শরীর বা মেরুদণ্ডের ওপর অতিরিক্ত চাপ দিয়ে কোনো ভারী জিনিস ওপরে তোলা।
- পিএলআইডি (PLID): মেরুদণ্ডের দু’টি হাড়ের মধ্যবর্তী নরম ডিস্কটি যদি স্থানচ্যুত হয়ে নার্ভ বা স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করে, তবে তীব্র কোমর ব্যথা শুরু হয়। একে ডিস্ক প্রোল্যাপ্স বলা হয়।
- হাড়ের ক্ষয় ও বাত-ব্যহা: বয়সজনিত কারণে মেরুদণ্ডের হাড়ের ক্ষয় (Osteoarthritis) অথবা বিভিন্ন ধরণের মেটাবলিক বা রিউমাটয়েড বাতের কারণে কোমর ব্যথা হতে পারে।
- মাংসপেশির টান: হঠাৎ কোনো ঝাঁকুনি বা মাংসপেশিতে অতিরিক্ত টানের কারণেও তীব্র ব্যথার সৃষ্টি হয়।
কোমর ব্যথা থেকে মুক্তির ৫টি ঘরোয়া উপায়
হালকা বা মাঝারি ধরণের কোমর ব্যথা মূলত কিছু জীবনযাত্রার পরিবর্তন ও সতর্কতার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব:
- বসার সঠিক ভঙ্গি বজায় রাখুন: চেয়ারে বসার সময় সোজা হয়ে বসুন। পিঠের নিচে একটি ছোট কুশন বা সাপোর্ট ব্যবহার করতে পারেন। প্রতি ৩০-৪০ মিনিট পর পর অন্তত ১-২ মিনিটের জন্য একটু হেঁটে আসুন।
- নিয়মিত হালকা ব্যায়াম: মেরুদণ্ড ও কোমরের মাংসপেশি শক্তিশালী করতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হালকা স্ট্রেচিং বা ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করুন।
- ভারী বস্তু তোলার নিয়ম জানুন: হাঁটু না বাঁকিয়ে সরাসরি কোমর ঝুঁকিয়ে কোনো ভারী জিনিস তুলবেন না। কোনো কিছু তুলতে হলে প্রথমে হাঁটু গেঁড়ে বসুন, তারপর জিনিসটি শরীরের কাছাকাছি রেখে সোজা হয়ে দাঁড়ান।
- সঠিক তোশক বা ম্যাট্রেস ব্যবহার: খুব বেশি নরম বা অতিরিক্ত শক্ত বিছানায় না শুয়ে সমান্তরাল ও আরামদায়ক বিছানায় ঘুমানোর অভ্যাস করুন।
- ওজন নিয়ন্ত্রণ: শরীরের অতিরিক্ত ওজন মেরুদণ্ডের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। তাই সুষম খাদ্য গ্রহণ করে ওজন নিয়ন্ত্রণে রাখুন।
কখন দ্রুত অর্থোপেডিক সার্জনের শরণাপন্ন হবেন?
সব কোমর ব্যথা ঘরোয়া উপায়ে ঠিক হয় না। যদি নিচের লক্ষণগুলো দেখা দেয়, তবে দেরি না করে দ্রুত একজন অর্থোপেডিক ও স্পাইন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি:
- ব্যথা যদি কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে পড়ে।
- পা অবশ অবশ লাগা বা পায়ে শক্তি না পাওয়া।
- প্রস্রাব বা পায়খানা নিয়ন্ত্রণে সমস্যা হওয়া।
- বিশ্রাম নেওয়ার পরও ব্যথার কোনো উন্নতি না হওয়া এবং রাতে ঘুমের মধ্যে ব্যথা তীব্র হওয়া।